Main Menu

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রদ্রোহের এক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দুইজনকে গ্রেফতারে পরোয়ানা জারি করেছেন আদালত। অন্য আসামি হলেন সাংবাদিক মাহাথীর ফারুকী খান।

ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারির আদালত বৃহস্পতিবার এ নির্দেশ দেন।

একই মামলায় বেসরকারি টেলিভিশন ইটিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ও কনক সারোয়ার আসামি রয়েছেন। তবে তারা কারাগারে আটক আছেন।

ঢাকার সিএমএম আদালতে গত ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এই অভিযোগপত্র গ্রহণ করে আদালত আসামিদের গ্রেফতারের নির্দেশ দেন।

এজাহারে বলা আছে, ২০১৫ সালের ১ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন এসআই বোরহান উদ্দিন।

২০১৫ সালের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা ও কালো’ দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। তারেক রহমান তার বক্তব্যে দেশের বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন যাতে জনমনে হিংসার উদ্রেক হয়েছে।

এছাড়া পলাতক আসামির (তারেক রহমান) বক্তব্য সরাসরি সম্প্রচার করে ইটিভির চেয়ারম্যান আব্দুস সালামও রাষ্ট্রদ্রোহের কাজ করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

Share





Related News

Comments are Closed