Main Menu

সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে নাট্যকর্মীদের জন্য এক আনন্দ ও সংকল্পের দিন ছিল ২০ সেপ্টেম্বর মঙ্গলবার। সিলেটের সাংস্কৃতিক আন্দোলনে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট ৩২ বছর পূর্ণ করে। বাংলাদেশের গ্রæপ থিয়েটার আন্দোলনের এই সংগঠনটি সিলেট অঞ্চলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় নাট্যচর্চা ও সকল ক্রান্তিকালে দৃঢ়তার সাথে নাট্যান্দোলনের মাধ্যমে এগিয়ে এসেছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী নাট্যোৎসবের উদ্বোধনী দিন ছিল মঙ্গলবার। আনন্দ শোভাযাত্রা ও নব প্রজন্মের হাত দিয়ে ৩২টি রঙিন বেলুন উড়িয়ে সিলেট কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে শুরু হয় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী নাট্যোৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পুরঞ্জয় চক্রবর্তী বাবলা। সম্মানিত মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, নাট্য হিতৈষী বদর উদ্দিন আহমদ কামরান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সিলেটের নাট্য ও সংস্কৃতি কর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য স্বজ্যায় র‌্যালীর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মিশফাক আহমেদ মিশুর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ইন্দ্রানী সেন শম্পার সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্যে পুরঞ্জয় চক্রবর্তী বাবলা সম্মিলিত নাট্য পরিষদের ৩২ বছরের দীর্ঘ নাট্য সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, যে আশা ও প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই প্রত্যাশা পূরণে নাট্যকর্মীরা কাজ করে যাচ্ছে। দেশের যেকোন ক্রান্তিকালে নাট্যকর্মীদের চেতনা অত্যন্ত দৃঢ়। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, নাট্যকর্মীরা শুধু বিনোদনের জন্য নাটক করেন না, তাদের দেশপ্রেম, চেতনা এবং মনোবল, দেশের অগ্রযাত্রায় নাট্যান্দোলনের মাধ্যমে বারবার প্রমাণ হয়েছে। তিনি সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে নাট্য পরিষদের দীর্ঘদিনের ধারাবাহিক কর্মকান্ডের প্রশংসা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানমঞ্চে কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আফজাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, প্রচার ও দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন তাফাদার, নির্বাহী সদস্য শান্তনু সেন তাপ্পু, অচিন্ত অমিত প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা হবিগঞ্জের খোয়াই নাট্যদলের মহড়া কক্ষে হামলা ও নাট্যকর্মীদের মারধোর এবং ময়মনসিংহে বহুরূপী থিয়েটারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জ্ঞাপন করেন। একই সাথে দোষীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সিলেটের সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ করতে সাহসী ভুমিকা পালন করছে সংগঠনটি। যখনই অশুভ শক্তি মাথাচারা দিয়ে উঠেছে তখনই এদেরকে পরাজিত করতে নাট্য কর্মীরা সাহসী ভুমিকা পালন করেছে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে নাট্য পরিষদের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন ও নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করেছেন তাদেরকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। অনুষ্ঠানে নাট্য পরিষদের প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তিনদিন ব্যাপী নাট্যোৎসবের গতকাল প্রথম দিন মুক্তমঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেন ছন্দ নৃত্যালয়, নগরনাট, উদীচী সিলেট, কথাকলি সিলেট ও একক পরিবেশনায় গণসঙ্গীত শিল্পী অংশুমান দত্ত অঞ্জন। সন্ধ্যা ৭টায় মূলমঞ্চে নাটকমঞ্চস্থ করে থিয়েটার সিলেট সৈয়দ ওয়ালিউল্লাহর রচনায় ও কামরুল হক জুয়েলের নির্দেশনায় নাটক ‘উজানে মৃত্যু’। উৎসবের দ্বিতীয় দিন আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নবশিখা নাট্যদলের নাটক ‘সাতকন্যার কাহান’। প্রতিষ্ঠা বার্ষিকী নাট্যোৎসব শেষ হবে ২২ সেপ্টেম্বর নাট্যমঞ্চ সিলেটের নাটক ‘সুখের খুজে সুখলাল’ মঞ্চায়নের মধ্য দিয়ে।

Share





Related News

Comments are Closed