Main Menu

শাবির সেই শিক্ষককে ‘অব্যাহতি’

বৈশাখী নিউজ ডেস্ক: বেপরোয়া গাড়ি চালিয়ে বাবা-মেয়ের হতাহতের ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আরিফুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার (২২ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সিন্ডিকেটের ২০০তম সভয় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে একটি সূত্রে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এটি গণমাধ্যমে স্বীকার করা হয়নি।
এই বছরের ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ‘এক কিলো’ রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে সুনামগঞ্জের ছাতক ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক শেখ আতাউর রহমান (৫৫), তার চাচা মো. গিয়াস উদ্দিন(৭০) ও আতাউরের মেয়ে দ্বীপ শিখা স্কুলের ছাত্রী রাহিবা রহমান (১৪) কে গাড়ি চাপা দেন ড. আরিফ। এতে আতাউর ও রাহিবা নিহত হন এবং গুরুতর আহত হন গিয়াস উদ্দিন।
ঘটনার দুই দিন পর নিহত আতাউর রহমানের স্ত্রী ফারহানা চৌধুরী রুমি দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গুরুতর জখম ও মৃত্যুর ঘটনায় অধ্যাপক আরিফের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।
জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, মামলাটি এখন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দায়িত্বে আছে।

Share





Related News

Comments are Closed