Main Menu

করদাতারা অনলাইনে আয়কর বিবরণী জমা দিতে পারবেন

বৈশাখী নিউজ ডেস্ক : চলতি করবর্ষ থেকে দেশের সব করদাতারাই ঘরে বসে অনলাইনে আয়কর বিবরণী জমা দিতে পারবেন। এতদিন অনলাইনে শুধু আয়কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেয়া যেত এবং কিছু কিছু ক্ষেত্রে রিটার্নও জমা দেয়া যেত। বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধও করা যাবে ই-পেমেন্টের মাধ্যমে। জমা দেয়া বিবরণীর প্রাপ্তি স্বীকারপত্রও মিলবে অনলাইনে। ডিজিটাল এই কার্যক্রম জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অণুবিভাগের স্ট্রেনদেনিং গভর্ন্যান্স ম্যানেজমেন্ট প্রকল্পের (এসজিএমপি) আওতায় বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের আওতাধীন মাঠপর্যায়ের ৬৪৯টি আয়কর সার্কেল অফিস মূল সার্ভারের ডিজিটাল সংযোগে যুক্ত হবে।
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান জানান, চলতি করবর্ষেই ঘরে বসে সব কতাদাতারাই অনলাইনে আয়কর বিবরণী জমা দিতে পারবেন বলে আশা করা যায়। এ সংক্রান্ত প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমরা এখন পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।আগামী ৩০ নভেম্বরের আগেই প্রকল্পের কাজ শেষ হবে বলে তিনি জানান।

এনবিআর চেয়ারম্যান বলেন, দেশব্যাপী করবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর নির্দেশনার আলোকে বিভিন্ন উদ্ভাবনীমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। করদাতারা যাতে ঘরে বসে আয়কর বিবরণী জমা দিতে পারেন, সেজন্য প্রত্যেক সার্কেল অফিসকে অনলাইনের আওতায় আনার এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কর ব্যবস্থা পুরোপুরি অটোমেশন হলে আয়কর আদায় দ্বিগুণ করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় ভিয়েতনাম ভিত্তিক আইটি প্রতিষ্ঠান এফপিটি ইনফরমেশন সিস্টেম করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ছিল আগামী ডিসেম্বর পর্যন্ত। তবে করদাতাদের সুবিধার কথা চিন্তা করে মেয়াদের আগেই প্রকল্পটি শেষ করার উদ্যোগ নিয়েছে এনবিআর।

ডিসেম্বরে প্রকল্প মেয়াদ শেষ হলেও ২০১৮ সাল পর্যন্ত প্রকল্পটি এফপিটির তত্ত্বাবধানে থাকবে। কর বিভাগকে সম্পূর্ণরূপে আধুনিক, শক্তিশালী এবং জবাবদিহিমূলক বিভাগ হিসেবে গড়ে তুলতে প্রকল্পটি নেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে যে কেউ অনলাইনে আয়কর বিবরণী পূরণ ও জমা দিতে যেমন পারবেন, তেমনি ঘরে বসেই পাবেন আয়কর বিবরণী জমার প্রাপ্তি স্বীকারপত্র। আবার এত দিন কেবলমাত্র রাষ্ট্রায়ত্ত্ব সোনালি ও জনতা ব্যাংকের মাধ্যমে আয়কর জমা দেওয়া যেত। ডিজিটাল পদ্ধতির ফলে করদাতারা দেশের যেকোনো স্থানের যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে আয়কর জমা করতে পারবেন। ক্রেডিট কার্ড ব্যবহার করেও এই টাকা জমা দেয়ার ব্যবস্থা এতে থাকবে। দেশে বর্তমানে টিআইএনধারী নাগরিকের সংখ্যা ১৮ লাখ। এর মধ্যে আয়কর বিবরণী দাখিল করেণ মাত্র ১২ লাখ।

Share





Related News

Comments are Closed