Main Menu

পাসপোর্ট অধিদপ্তরের পরিচালককে গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: ভুয়া অনাপত্তিপত্র দেয়ার মামলায় পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মুন্সি মুয়ীদ ইকরামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে অফিশিয়াল পাসপোর্ট নিয়েছেন, এমন ২২টি পাসপোর্টের কাগজপত্রে প্রতিস্বাক্ষর করেছেন বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা। তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সব কটি পাসপোর্টেরই অনাপত্তিপত্র জাল ও ভুয়া।

দুদক সূত্র জানায়, যেসব মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভাগের কর্মকর্তাদের নামে এই অফিশিয়াল পাসপোর্ট ইস্যু করা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে ওই নামের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। আবেদনপত্রগুলোর হাতের লেখা একই রকম। অনাপত্তিপত্রে সংশ্লিষ্ট অফিসের সিলমোহর নেই। আবেদনপত্রে যে নাম ও ঠিকানা দেওয়া হয়েছে, সেগুলো ভুয়া। কয়েকটি ঠিকানায় যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। আবেদনপত্রে উল্লেখ করা মুঠোফোনেও কাউকে পাওয়া যায়নি। কয়েকজনের ফোন বন্ধ পাওয়া গেছে।

এই ২২টি পাসপোর্টের নথিতে প্রতিস্বাক্ষর করেছেন বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের ঢাকার পরিচালক মুন্সী মুয়ীদ ইকরাম, উপপরিচালক মো. ফজলুল হক, সহকারী পরিচালক এস এম শাহজামান, সহকারী পরিচালক নাসরীন পারভীন ও সহকারী পরিচালক উম্মে কুলসুম।

এর আগে তুরস্ক সরকারের দেওয়া এক চিঠির সূত্র ধরে অফিশিয়াল পাসপোর্ট জালিয়াতির বিষয়টি জানাজানি হয়। পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, গত এক বছরে অফিশিয়াল পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে প্রায় ২৪ হাজার ব্যক্তি ভ্রমণ করেছেন। সাড়ে সাত হাজার ব্যক্তি এখনো দেশে ফেরেননি।

Share





Related News

Comments are Closed