Main Menu

কক্সবাজার শহরের রাস্তার বেহাল দশা

অজিত কুমার দাশ হিমু, কক্সবাজার থেকে: কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনের রাস্তা ও থানার পেছনের সড়ক দিয়ে যান কিংবা জন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। জনসাধারণের দাবি দীর্ঘদিন যাবৎ এ সড়কে কোন সংস্কার কাজ না হওয়ায় জনগুরুত্বপূর্ণ এই সড়কটি এখন নালাতে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা জলে একাকার হয়ে পড়ে।
শহরের থানার পেছনের সড়কের হোটেল শুভেচ্ছার মালিক পুলক ভট্টচার্য্য বলেন, আমরা পূর্বপুরুষ হতে বসবাস করে আসছি এলাকায়। পাশাপাশি এখানে হোটেল ব্যবসা করছি এক যুগেরও বেশি সময় ধরে। সে থেকে এ পর্যন্ত সড়কটিতে পৌর কর্তৃপক্ষ এখানে কোন ধরনের সংস্কার কাজ করেনি। যার ফলে এই সড়কে এখন গাড়ীতো দূরের কথা পায়ে হাঁটাও দায় হয়ে পড়েছে। অথচ এই সড়কে পৌরসভার রেস্ট হাউজ আছে। সেখানে পৌরসভার শীর্ষ কর্মকর্তারা থাকেন। আর এই সড়কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ রয়েছে গুরুত্বপূর্ণ বাসা-বাড়ি, এখানে দেশ-বিদেশ থেকে নিয়মিত পর্যটকের আনাগুনা থাকে। তারা প্রায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের বলে।
স্থানীয় আরেক ব্যবসায়ি মো. কামরুজ্জামান ভুট্টু বলেন, রাস্তাটি সম্পূর্ণ ভেঙ্গে গর্ত হয়ে যাওয়ার পর আমরা পৌর মেয়রের কাছে বেশ কয়েকবার গিয়েছিলাম। তিনি আশ্বাস দিলেও কোন কাজ হয়নি। পরে আমরাই ৩/৪ ট্রাক ইট রাস্তাতে দিয়ে কোন মতে চলাচল করছি। এটা খুবই দুঃখজনক। পৌরসভার মাত্র ১শ’ গজের ভেতরে এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা এ ধরনের ভেঙ্গে যাবে আর সেটা সংস্কার হবে না এটা হতে পারে না। রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।
এই এলাকায় বসাবাসকারী বিশিষ্ট্য শিক্ষাবিদ অধ্যাপক সোমেস্বর চক্রবর্তী বলেন, বৃষ্টি হলে রাস্তা দিয়ে মানুষও হাঁটতে পারে না। আমরা এখন বিকল্প সড়ক দিয়ে চলাফেরা করি। পৌরসভার এত কাছে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি এভাবে পড়ে থাকবে সেটা কল্পনাও করা যায় না। আমি নিজে পৌর মেয়রকে কয়েকবার অনুরোধ করেছি। আমি দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত পৌর মেয়র মাহাবুবুর রহমান বলেন, রাস্তাটি টেন্ডার হয়েছে আশা করি দ্রুত কাজ শুরু হবে।

Share





Related News

Comments are Closed