Main Menu

মুরগির বিশ্ব ভ্রমণ (ভিডিও)

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব ভ্রমণের নেশা মানুষের রয়েছে। আদিকাল থেকেই মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায়।

পৃথিবীটা দেখার নেশায়, নতুন কিছু জানার আশায়। কিন্তু গত দুই বছর ধরে সাগর পথে পৃথিবী ঘুরে বেড়াচ্ছে একটি মুরগি।

বিষয়টি অবাক লাগলেও এক ভ্রমণ পিপাসুর সঙ্গী হয়েছে মনিক নামের এই মুরগিটি। গাইরেক সুডি নামের এই অভিযাত্রী যুবকের বাড়ি ফ্রান্সে। সুডি ইতোমধ্যে ক্যানারি আইল্যান্ড থেকে আফ্রিকার পশ্চিম উপকূল হয়ে ঘুরে বেরিয়েছে ক্যারিবিয়ান আইল্যান্ড।

২০১৪ সালে বিশ্ব ভ্রমণের শুরুর দিকে ক্যানারি আইল্যান্ড থেকে মনিক নামের ওই মুরগিটাকে জাহাজে তোলেন সুডি। বর্তমানে তারা অবস্থান করছে গ্রিনল্যান্ডে।

গ্রিনল্যান্ডে এসে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে গাইরেক মজা করে বলেছিলেন, ‘জাহাজের অভিযাত্রী আমরা দুজন। বেশির ভাগ সময় পরিশ্রমটা আমাকেই করতে হয়। মনিকের কোনো কাজ নাই। ওর একটাই কাজ হলো- জাহাজের ডেকে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।’

তিনি আরো বলেন, ‘শুরুতে ভেবেছিলাম এই অভিযানে সঙ্গী হিসেবে একটি বিড়াল নিব। কিন্তু ভেবে দেখলাম বিড়াল নিলে অনেক ঝামেলা। কারণ তার অনেক দেখাশুনা দরকার আছে। কিন্তু মুরগির ক্ষেত্রে তা নেই। বরং বাড়তি পাওনা ডিম।’

সুডি আরো জানান, দিনের বেলা মনিক ৩৯ ফুট লম্বা জাহাজের পুরোটা ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। আর রাত হলে কিংবা আবহাওয়া খারাপ হলে ছোট্ট ঘরে ঢুকিয়ে রাখা হয়। আর মনিক অনেক সাহসী কারণ সমুদ্রের ঢেউ দেখে তার ঘাবড়ে যাওয়ার কথা থাকলেও তা কখনো ঘটেনি।

এই ভ্রমণে এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে। তাদের এই যাত্রায় কোনো সমস্যা বা দুর্ঘটনা ঘটেনি। তবে গ্রিনল্যান্ডে পৌঁছানোর পর স্থানীয় লোকজন মনিককে নিয়ে খুবই উৎসাহী হয়ে পড়ে। কারণ গ্রিনল্যান্ডে কোনো পোল্ট্রি শিল্প নেই! এখন তাদের উদ্দেশ্য সুমেরু সাগর ও বেরিং প্রণালী অতিক্রম করে অ্যালাস্কা পৌঁছানো।

এই ভ্রমণের বেশ কিছু ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। এ সব ভিডিওর একটিতে দেখা যায়- গাইরেক বিশ্রাম নিচ্ছে। আর জাহাজের হাল এর উপর বসে আছে মনিক।

অনেকটা ক্যাপটেনের কাজ করছে। চলতি পথে কোনো সমস্যা দেখলে মনিক তার ভাষায় শব্দ করতে থাকে। শব্দ শোনেই ছুটে আসে গাইরেক। দুজনের এমন রসায়নে বেশ আনন্দের সঙ্গে কাটছে মনিক-গাইরেকের বিশ্ব ভ্রমণ।

ভিডিও: https://www.youtube.com/watch?time_continue=58&v=XbPslqNashE

Share





Related News

Comments are Closed