Main Menu

মৌলভীবাজারে অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, এসআরবি ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে পাচার হয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে যৌথ টাস্কফোর্সের একটি দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক।

অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। অবৈধভাবে দেশে এনে পরিবহনের সময় এসব পণ্য আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চোরাচালানবিরোধী অভিযান প্রসঙ্গে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্যের অনুপ্রবেশ বন্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ ছাড়া সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে বিজিবি।

Share





Related News

Comments are Closed