Main Menu

মৌলভীবাজারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে পড়ে নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে একটি ভবনের চারতলার ফ্ল্যাট থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ফ্ল্যাটটি তালাবদ্ধ থাকায় জানালা দিয়ে বের হওয়ার সময় ওই নারী নিচে পড়ে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাঁর সঙ্গে একই ফ্ল্যাটে বসবাসকারী এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শহরের উত্তর কলিমাবাদ এলাকার ‘আরজু ভিলা’ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে। ভবনটি লন্ডনপ্রবাসী আরজু মিয়ার ছেলে রাসেল মিয়ার মালিকানাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ভবনের চারতলা থেকে হঠাৎ এক নারী নিচে পড়ে যান। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল। বাসার লোকজন বাইরে থাকা অবস্থায় ঘরের ভেতর থেকে অস্বাভাবিক শব্দের বিষয়টি পাশের বাড়ির বাসিন্দারা ফোনে জানালে তাঁরা দ্রুত ফিরে আসেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই নারী ও এক পুরুষ অনলাইন অ্যাপের মাধ্যমে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। ফ্ল্যাটে আসবাবপত্রও ছিল।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই নারীর সঙ্গে থাকা যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share





Related News

Comments are Closed