Main Menu

সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আহাদ ভূঁইয়া চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকসংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মোতালিব ভূঁইয়া। এর জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দীন বলেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের সাংবাদিকের ওপর হামলা ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed