Main Menu

সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৯৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটির বয়স ছিল এক বছর ১৪ দিন। তার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৫ জন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে।

শনিবার (১৭ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৫ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৩৯ জন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, ৯ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং ২ জন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ৪৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫৬, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৪ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন রয়েছেন।

এ ছাড়া জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিশ্বনাথের হাসপাতালে ২, গোলাপগঞ্জে ৫ এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৬, সুনামগঞ্জে ৬৮, হবিগঞ্জে ২৫ এবং মৌলভীবাজারে ১৪ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, নিশ্চিত হাম রোগে সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৮০, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৯ এবং মৌলভীবাজারে ১৫ জনের মৃত্যু হয়েছে।

 

Share





Related News

Comments are Closed