সুনামগঞ্জে চুরির অপবাদ ও মা-বাবাকে অপমান, যুবকের আত্নহনন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে পানি তোলার মোটর চুরির অপবাদ ও মা-বাবাকে অপমান করার ঘটনায় এমরান হোসেন (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বেড়াজালী গ্রাম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত এমরান বেড়াজালী গ্রামের আবদুল হাসিমের ছেলে।
পুলিশ জানায়, নিজের বসতঘরের বারান্দার বাঁশের আড়ার সঙ্গে রশিতে ঝুলছিল এমরানের মরদেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।
এমরান হোসেনের ছোট ভাই তুহিন হোসেন জানান, তারা দুই ভাই, এক বোন। বোনের বিয়ে হয়েছে। দুই ভাই রাজমিস্ত্রির কাজ করেন। ১৫ দিন আগে এলাকার বেড়াজালী বাজার থেকে স্থানীয় চান মিয়ার একটি পানি তোলার মোটর ও কিছু ইলেকট্রিক তার চুরি হয়। এরপর বিষয়টি চান মিয়ার ছেলে আবুল ফজল তাদের জানায়। পরে আবুল ফজল মোটর চুরির অভিযোগ তোলেন এমরান হোসেন ও একই গ্রামের আরেক যুবক নিলু মিয়ার বিরুদ্ধে। এ নিয়ে শুক্রবার (২৮ আগস্ট) রাতে বেড়াজালী বাজারে স্থানীয় গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলীর অফিসের সালিশ বিচার হয়।
এমরান হোসেনের বাবা আব্দুল হাসিম অভিযোগ করে বলেন, চেয়ারম্যানের অফিসে সালিশে যাদের সাক্ষী মানা হয়েছিল তারা বলেছে চুরির বিষয়ে কোনো কিছু জানেন না। কিন্তু চেয়ারম্যান ও চান মিয়া মিলে আমার ছেলের বিরুদ্ধে চুরির দায় চাপিয়ে দেন। এ সময় আমার স্ত্রী সাহার বেগম কথা বলতে চাইলে চেয়ারম্যান আমাদের হুমকি-ধমকি দেন এবং মারধর করার চেষ্টা করেন। পরে সালিশে বলা হয় আগামী সোমবারের মধ্যে চুরি যাওয়া মোটর ফেরত দিতে হবে। না হলে চুরির অভিযোগে তাদেরকে পুলিশে দেওয়া হবে। এমরান সালিশে নিজের এবং মা-বাবার অপমান সইতে পারেনি। রাতে পরিবারের সবাই তাকে অনেক বুঝিয়েছেন। এরপর সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের বারান্দায় রশিতে তার মরদেহ ঝুলছে।
আব্দুল হাসিম আরও বলেন, এমরান আমার সোনার ছেলে ছিল। কাজকাম করে খায়। কেউ তাকে কোনোদিন অন্যায় কাজে পায়নি। তার বিরুদ্ধে মিথ্যা চুরির অপবাদ তোলা হয়েছে। চেয়ারম্যান সালিশে আমাদের সবাইকে খুব অপমান করছে। এর লাগিই ছেলেটা মরছে। আমি উপযুক্ত বিচার চাই।
অভিযোগের বিষয়ে গৌরারং ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জানান, সালিশে এমরান কিংবা তার পরিবারের কাউকে তিনি হুমকি-ধমকি দেননি। তাদের আত্মীয়দের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে পারিবারিক ঝামেলা আছে। এমরান প্রচুর ঋণগ্রস্ত। আগামী সোমবারে তাদের পরিবারের ওই ঝামেলা নিয়ে বসার কথা ছিল। বলা হয়েছিল, যদি এর মধ্যে মোটর পাওয়া যায়, সেদিন যেন নিয়ে আসা হয়। এর বেশি কিছু বলা হয়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, গৌরারং ইউনিয়নের বেড়াজালী গ্রাম থেকে এমরান হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, চুরির অপবাদ ও মা-বাবাকে অপমান করার ঘটনায় এমরান হোসেন আত্মহনন করেছে। তার পরিবার থেকে অভিযোগ করবেন বলে জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed