Main Menu

সুনামগঞ্জ সীমান্তে ৪ নারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর পুনরায় দেশে ফেরার সময় চার নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই) ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ডলুরা বিওপির সদস্যরা সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা সীমান্তের মধুরকান্দি এলাকা থেকে তাদের আটক করেন।

আটক নারীরা হলেন— যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের ইসমাইল মোল্লার মেয়ে মোছা. রেবেকা খাতুন (৫০), নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের রেজাউল শেখের মেয়ে পুতুল খানম (৩৯), একই উপজেলার দেওঢাঙ্গা গ্রামের কামাল মোল্লার স্ত্রী পারভীন বেগম (৪০) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াভাঙা গ্রামের মনসুর গাজীর স্ত্রী মোছা. আকলিমা খাতুন (৪৪)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আটক চার নারী কয়েক বছর আগে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি সেখানে অবস্থানকালে সমস্যায় পড়ে শনিবার ভোরে তারা ডলুরা সীমান্ত দিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় খবর পেয়ে বিজিবির সদস্যরা সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি এলাকা থেকে তাদের আটক করেন।

পরে বিজিবি তাদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা করে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর দেশে ফেরার সময় চার নারীকে আটক করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। আটক নারীদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, চার নারী কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন। বাংলাদেশে প্রবেশের পরপরই তাদের আটক করা হয়। তাদের বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed