Main Menu

এক বছরে ১,৫৭০ কোটি টাকা ভ্যাট আদায় করল সিলেট কমিশনারেট

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরে মূল্য সংযোজন কর (মূসক) খাতে রাজস্ব আদায়ে প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট। গেল অর্থবছরে কমিশনারেটটি ১ হাজার ৫৭০ কোটি টাকা রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে বলে কমিশনারেট সূত্রে জানা গেছে।

কমিশনারেট বলছে, ২০২৪-২৫ অর্থবছরে মূসক খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১ হাজার ৩৬২ কোটি টাকা। সেই তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে ২০৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে, যা প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি।

কমিশনারেট জানায়, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। একই সঙ্গে ভ্যাট নিবন্ধনের আওতা বৃদ্ধি, ভ্যাট নেটওয়ার্ক সম্প্রসারণ, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের হার বৃদ্ধি, রিটার্ন যাচাই, অডিট কার্যক্রম জোরদার, মামলা নিষ্পত্তি এবং নিয়মিত জরিপ পরিচালনার ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

কমিশনারেটের মতে, ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কর-সচেতনতা বৃদ্ধিও এ প্রবৃদ্ধির অন্যতম কারণ। এ অর্জনের জন্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিভিন্ন ট্রেড বডি, ব্যবসায়ী সমিতি এবং নিয়মিত ভ্যাট প্রদানকারী ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কমিশনারেট।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হক বলেন, “আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভ্যাট ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব আহরণ আরও বাড়াতে কমিশনারেট কাজ করে যাচ্ছে।’ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োজনীয় রাজস্ব নিশ্চিত করতে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রেখে এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Share





Related News

Comments are Closed