Main Menu

সিলেটে হাম-উপসর্গে আরেক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৫৯

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট হাম রোগের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মাস বয়েসি এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।

এ শিশুকে নিয়ে সিলেট বিভাগে চলতি বছরে মৃত্যুর সংখ্যা ৮৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে একজন সেবিকা ও বাকি সবাই শিশু এবং ৪ জন মারা গেছেন সরাসরি হামে ও বাকিরা উপসর্গে।

সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় তাদের সর্বশেষ প্রতিদনে এসব তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৯ জন। তাদের মধ্যে সর্বোচ্চ ৩২ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ১৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৩ জন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জন নর্থ ইস্ট হাসপাতালে, ২ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে, ১ জন মাউন্ট এডোরা হাসপাতালে এবং ৩ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

এদের নিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, শামসুননাহার হাসপাতালে ৩ জন, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন চিকিৎসা নিচ্ছেন।

 

Share





Related News

Comments are Closed