Main Menu

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে কিছুতেই থামছে না হাম ও উপসর্গে শিশুর মৃত্যু। এবার হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া শিশুটির বয়স ১ বছর। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়।

রবিবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এসব তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগে ল্যাব টেস্টে নতুন কোনো রোগী শনাক্ত না হলেও গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে আরও ৭৯ জন সন্দেহভাজন রোগী ভর্তি হয়েছেন, যার বড় অংশই সিলেট শহরের দুটি প্রধান হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে সর্বমোট ৪১৮ জন ল্যাব কনফার্মড রোগী শনাক্ত হয়েছে। জেলাভিত্তিক আক্রান্তের হিসাবে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সুনামগঞ্জ, যেখানে ২০৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটে ১৩১ জন, হবিগঞ্জে ৬৭ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) এবং মৌলভীবাজারে ১৬ জন ল্যাব কনফার্মড রোগী রয়েছেন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৭৯ জন নতুন সন্দেহভাজন রোগীর মধ্যে সর্বোচ্চ ৪০ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৩১ জন ভর্তি হয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন করে নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেটের সরকারি ও বেসরকারি মিলে মোট ১০টি হাসপাতালে সর্বমোট ২৭৫ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ১১২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৯৪ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাকিদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩০ জন, মৌলভীবাজারে ১৮ জন, হবিগঞ্জ সদরে ৮ জন, রাগীব রাবেয়া ও নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন করে, লাইফ হাসপাতালে ৩ জন এবং মাউন্ট এডোরা ও পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন করে রোগী ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৮৭ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উপসর্গে।

Share





Related News

Comments are Closed