চালু হবে সিলেট-গৌহাটি সরাসরি ফ্লাইট : বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শিগগিরই সিলেট থেকে ভারতের গৌহাটির মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (৩১ মে) বিকেলে সিলেটের মুসলিম সাহিত্য সংসদে মহানগর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য বিমান কার্গো ব্যবস্থার মাধ্যমে দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করা। বিমানবন্দরের স্টোরেজ হাউজে অগ্নিকাণ্ডের পর সৃষ্ট সংকট নিরসনেও সরকার কাজ করছে বলে তিনি জানান।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিমানবন্দরটির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এটিকে আঞ্চলিক যোগাযোগের হাবে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সিলেট-গৌহাটি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে।
এ সময় সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করতে প্রয়োজন হলে পুলিশ ড্রোন ক্যামেরা ব্যবহার করতে পারে।
অনুষ্ঠানে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী জানান, চলতি বছর সারাদেশে প্রায় ৫৬ লাখ ৫০ হাজার কোরবানির পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে, যা সরকারের প্রত্যাশার চেয়েও বেশি। চামড়া শিল্পের উন্নয়নে বিভাগীয় শহরগুলোতে আধুনিক স্লটার হাউস নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
এছাড়া রাজধানীর ক্ষতিগ্রস্ত ট্যানারি মালিক ও ব্যবসায়ীদের পুনরায় ব্যবসায় ফিরিয়ে আনতে সরকার প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
Related News
সিলেটে ১টি ট্রানফরমারের কারণে ৩ বছর ধরে দুর্ভোগে বাসিন্দারা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর হাউজিং এস্টেট ২নং রোডে ৩ বছর ধরেRead More
সিলেটে ৫০০ টাকা মজুরিসহ ৪ দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫শ টাকা নির্ধারণ, অবিলম্বে বাংলাদেশRead More



Comments are Closed