Main Menu

শান্তিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জের ডবর-জগন্নাথপুর সড়কের সিচনী ব্রীজ এলাকায় বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক কিশোর।

সোমবার (১১ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে থানা এলাকার দরগাপাশা ইউনিয়নের সিচনী ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিরব মিয়া (১৫) দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের তাদির ইসলামের পুত্র এবং আহত সাকিবুর ইসলাম (১৫) একই গ্রামের সফিকুল ইসলামের পুত্র।

নিহত নিরব মিয়া ও সাকিবুর ইসলাম আক্তাপাড়া মাদরাসার ৭ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪ টায় নিহত নিরব মিয়া তার চাচার মোটর সাইকেল যোগে তার সহপাঠি আহত সাকিবুল ইসলামকে সাথে নিয়ে ডাবর-জগন্নাথপুর সড়কে মোটর সাইকেল চালিয়ে পাগলা বাজারে যায়। পাগলা বাজার থেকে ফেরার পথে পথিমধ্যে সিচনী ব্রীজ এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে নিয়ন্ত্রন হারায় এবং রাস্তায় পাশে থাকা গাছের সাথে স্বজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেরই নিরব মিয়া মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করে। মুমূর্ষ ও আহত অবস্থায় সাকিবুর রহমানকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার চাচা সাদেক মিয়া।

তাৎক্ষণিক খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের এসআই সেলিম মিয়া ঘটনাস্থলে গিয়ে মৃত নিরব মিয়ার লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত নিরবের বাবার চাচাতো ভাই সাদেক মিয়া জানান, নিরব মিয়া তার নতুন মোটর সাইকেল পরিবারের কাউকে না বলে বাড়ী থেকে নিয়ে যায়। সে পাগলা বাজার থেকে আসার পথে সিচনী ব্রীজ এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিরব মারা যায়।

শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) নোবেল সরকার বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed