Main Menu

জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে জালালাবাদ চক্ষু হাসপাতালের নবনির্মিত ভবনে আধুনিক অপারেশন থিয়েটারের (ওটি) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাসপাতালের পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর কার্যক্রমের অংশ হিসেবে এই ওটি উদ্বোধন করা হয়।
অপারেশন থিয়েটার উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মো: সারওয়ার আলম।

উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সেবার মনোভাব নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, চক্ষু চিকিৎসায় জালালাবাদ চক্ষু হাসপাতাল দীর্ঘদিনের একটি সুপরিচিত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই হাসপাতালকে আরও আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলা সম্ভব। হাসপাতালের উন্নয়নে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ও সমিতির সাধারণ সম্পাদক ডা. মো: নাসির উদ্দিন। তিনি বলেন, হাসপাতালে আগত রোগীদের স্বল্পমূল্যে মানসম্মত সেবা বজায় রেখে প্রতিষ্ঠানের আয় বৃদ্ধির লক্ষ্যে আউটডোর রোগীর সংখ্যা ও অপারেশনের পরিমাণ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। তিনি হাসপাতালের আধুনিকায়নে কারিগরি সহায়তাসহ সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

হাসপাতালের পরিচালক ডা. এম এ মতিন হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়মিত তত্ত্বাবধান করার জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, সমিতির সদস্য সৈয়দ কাওছার আহমদ অ্যাডভোকেট, প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো: নাহিয়ান বখত এবং মেডিকেল অফিসার মো: মোস্তাফিজুর রহমান।

এর আগে জেলা প্রশাসক ও সিভিল সার্জন হাসপাতালে পৌঁছালে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed