Main Menu

সুনামগঞ্জে বন্ধ দোকানে মিলল ২ হাজার লিটার ডিজেল

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে টাস্কফোর্স অভিযান চালিয়ে ২ হাজার ৮০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল জব্দ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে পুলিশ, উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে অংশ নেয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাচনা বাজারের একটি বন্ধ দোকানে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করা হয়েছে। অভিযানে দোকানটি তল্লাশি করে এই ডিজেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত ডিজেল পরে যমুনা অয়েল কম্পানি লিমিটেডের বার্জ ডিপোর ব্যবস্থাপকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, “অসাধু চক্র অবৈধভাবে তেল মজুদ ও পাচারের চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় দেশের বিভিন্ন জ্বালানি ডিপোতে বিজিবি ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে।

Share





Related News

Comments are Closed