Main Menu

সারাদেশে খোলা বাজারে ডিজেল-পেট্রোল বিক্রি বন্ধের নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে দেশের জ্বালানি খাতে সাময়িক সংকট সৃষ্টির আশঙ্কার মধ্যে জনদুর্ভোগ এড়াতে বিশেষ নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর ফলে দেশে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হতে পারে, যা বিদ্যুৎ ও সার উৎপাদনেও সাময়িক হ্রাস ঘটাতে পারে।

জরুরি পর্যালোচনা সভায় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সভাপতিত্ব করেন। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নিম্নলিখিত নির্দেশনা প্রদান করা হয়েছে:

সাধারণ জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ব্যবহারে উৎসাহিত করা।

সব ধরনের আলোকসজ্জা পরিহার করা।

ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহার নিশ্চিত করা।

খোলা বাজারে ডিজেল ও পেট্রোল বিক্রয় বন্ধ রাখার জন্য ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবিকে জ্বালানি পাচার রোধে পদক্ষেপ গ্রহণের অনুরোধ।

মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব ন্যূনতম রাখতে ইতোমধ্যে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জ্বালানি সংগ্রহ স্বাভাবিক রাখতে সব উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি জনগণকে ধৈর্যধারণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed