Main Menu

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: স্বর্ণের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার দুবার দাম কমলেও আজ মঙ্গলবার সকাল-বিকেল দুদফা স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯০৬ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বাজুস। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের ভরি এখন আবার উঠে এসেছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায়। সকালে ছিল ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়। গতকাল সোমবার বিকালে ছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

সেই হিসেবে আজ দুবারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১৬ হাজার ৩৩০ টাকা।

আজ (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম ওই সময় থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে।

মঙ্গলবার বিকেলে দেশের বাজারে বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৬ হাজার ৫৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা।

এদিকে গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বাড়ে। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে স্বর্ণের দাম একবারে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ায় বাজুস। এতে করে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ। সেই সঙ্গে একধাপে স্বর্ণের দাম আর কখনোই এতটা বাড়ানো হয়নি।

এরপর ২৪ ঘণ্টা না যেতেই পরদিন শুক্রবার সকালে দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ভরিতে কমায় ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত। ফলে ভালো মানের স্বর্ণের দাম কমে ২ লাখ ৭১ হাজার টাকায় নেমে আসে। ওই দাম শুক্রবার ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছিল।

Share





Related News

Comments are Closed