দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: বছরের শুরু থেকে পাগলা ঘোড়ার মতো ছুটে চলা স্বর্ণের দামে হঠাৎ যেন শক্ত টান পড়েছে। রেকর্ডের পর রেকর্ড ভেঙে যখন মূল্যবান হলুদ ধাতুটির দাম ছুটছিল তিন লাখের দিকে, তখনই হঠাৎ দেখা গেল বড় পতন।
গতকাল শুক্রবার দেশের বাজারে এক ধাক্কায় ভরিতে ১৪ হাজার ৬৩৯ টাকা কমে যাওয়ার পর আজ শনিবার (৩১ জানুয়ারি) তার চেয়েও বড় পতন ঘটেছে স্বর্ণের দামে।
এদিন প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে মাত্র দুই ধাক্কায় দেশে ভরিপ্রতি স্বর্ণের দাম পড়ে গেছে ৩০ হাজার টাকার বেশি।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়। বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে স্বর্ণের দাম নতুন করে সমন্বয় করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।
যদিও সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে; তবে মূল কারণ হচ্ছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৯০ ডলারে নেমে এসেছে। এর আগে, গত বৃহস্পতিবার আউন্সে ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল স্বর্ণের দাম।
বাজুসের নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে এখন সবচেয়ে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৭ হাজার ২৯০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে।
Related News
দুর্গাপূজায় বেনাপোলে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্তRead More
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব তফসিলি ব্যাংক।Read More



Comments are Closed