Main Menu

ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি, তিন ফার্মেসিকে জরিমানা

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের ড্রাগ সুপার মো. জাহিন শাকিল ভূঁইয়া এবং সহায়তায় ছিলেন ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

আদালত সূত্রে জানা গেছে, আরাফাত মেডিকেল হল, হিয়া মেডিকেল হলসহ তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং কমার্শিয়াল প্যাকেটে লুকানো বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ মজুত রাখা ও বিক্রির প্রমাণ মেলে। ‘ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩’ অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্টদের ভাষ্যমতে, মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবন মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ; এতে শারীরিক জটিলতা, অঙ্গ বিকল হওয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন অপরাধ বরদাশত করা হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed