Main Menu

নায়িকা নিপুনকে ওসমানী বিমাবন্দরে আটকে দেয় পুলিশ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় সিলেট ওসমানী বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ওসমানী বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।

সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডন যাচ্ছিলেন নিপুণ। এ সময় হেফাজতে নেয়া হয় তাকে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয় তাকে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। তবে ঠিক কী কারণে এনএসআই আপত্তি জানিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) আপত্তির প্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি বলে জানান তিনি।

সিলেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দরের পরিচালক হা‌ফিজ আহমদ গণমাধ্যমকে জানান, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের এক‌টি ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন নিপুণ। এ সময় গোয়েন্দা সংস্থার আপ‌ত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পু‌লিশে‌র কাছে তাকে হস্তান্তর করা হয়।

সিলেট মহানগর পু‌লিশের উপক‌মিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেট থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন‌্য তি‌নি সড়কপথে সিলেটে এসে‌ছিলেন। কিন্তু ইমিগ্রেশনে আটকে দেওয়‌ার পর তি‌নি আর ওই বিমানে উঠতে পারেন‌নি। পরে বিমানবন্দর থেকে তি‌নি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

উল্লেখ্য, বিগত সরকারের শাসনামালে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত দেখা যেত তাকে। এমনকি রাজনৈতিক দলটির নাম ব্যবহার করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে বিভিন্ন সময় নিজের প্রভাব বিস্তার করতেন নিপুণ।

তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর একদমই আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে।

 

Share





Related News

Comments are Closed