Main Menu

১৭ গাড়ি ও যাত্রী নিয়ে পাটুরিয়ায় ডুবল ফেরি

বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় ১৭টি গাড়ি নিয়ে রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। ডুবে যাওয়া রজনীগন্ধা নামের ফেরিটিতে শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের চিৎকার শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের অদূরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যা বুধবার সকালেও চালু হয়নি। এমন অবস্থায় পাটুরিরা ৫নং ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি পদ্মা নদীতে ডুবে যায়। ঘন কুয়াশায় নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

এসময় ফেরিতে ১৭টি যানবাহন ছিল বলে জানা গেছে। এ ঘটনায় সব যানবাহনের সাথে কয়েক শতাধিক যাত্রীও নদীতে ডুবে যায়। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসে সাথে কাজ শুরু করেছে স্থানীয়রা। হতাহতের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ জানান, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা রজনীগন্ধা ফেরিতে ছোট বড় নয়টি পণ্যবাহী ট্রাক ছিল। পাটুরিয়া ৫ নম্বর ঘাটের অদূরে আসতেই রজনীগন্ধা ফেরির বাল্কহেডের ধাক্কায় তলা ফেটে পণ্যবাহী ট্রাকসহ ফেরিটি ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিআইডব্লিটিসির সদস্যরা উদ্ধার কাজ করছে।

আরিচা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান মোহাম্মদ রতন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ফেরিতে কাজ শুরু করেছেন। উদ্ধার অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।

শিবালয় থানার ওসি মো. আব্দুর রউফ সরকার জানান, ফেরি ডুবে যাওয়ার ঘটনায় এখনও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পণ্যসহ ছোট বড় নয়টি ট্রাক পদ্মায় ডুবে গেছে। ফেরিতে থাকা ট্রাকের চালকরা সাঁতরে নদীর পাড়ে ওঠেছেন।

Share





Related News

Comments are Closed