Main Menu

জৈন্তাপুরে ৫ কোটি টাকার ভারতীয় শাড়ী কসমেটিক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত জৈন্তাপুরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই মালামাল আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ আগস্ট) রাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধীনস্থ জৈন্তাপুর বিওপি’র আওতাধীন সিলেট-তামাবিল মহাসড়কের সারিঘাট এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল।

আনুমানিক রাত সাড়ে ১১ টায় মালামাল বহনকারী একটি ট্রাককে চ্যালেঞ্জ করলে মহাসড়কের বিছনাটেক নামক স্থানে ট্রাক রেখে চালক পালিয়ে যায়। বিজিবি টহল দল ট্রাকটি আটক করে এবং বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও কসমেটিক্স উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, ট্রাক থেকে ভারতীয় বিভিন্ন প্রকার ৩৭৭২টি শাড়ি ও ৩৮, ৫১৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি ১০ লক্ষ টাকারও বেশি।

উল্লেখ্য, গত এক সপ্তাহে জৈন্তাপুর-লালাখাল সীমান্তে বিজিবি টহল দল কর্তৃক ট্রলার সহ ৪৭টি ভারতীয় গরু-মহিষ এবং ১০,৪৫০ কেজি ভারতীয় চিনি আটক করে যার মূল্য প্রায় ১ কোটি টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী পিএসসি জানান, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি’র অভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় চোরাই মালামালের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed