Main Menu

সিলেট ও রাজশাহী সিটির মেয়রকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি এই দুই সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

সোমবার (৩ জুলাই) দুপুর সোয়া ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় জনপ্রতিনিধিদের জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলমত নির্বিশেষে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।

পরিকল্পনা করে এলাকার উন্নয়ন কাজ করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনার এলাকার সার্বিক উন্নয়ন কীভাবে করা যায়, সে পরিকল্পনা করুন।

কাজগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, মানুষের আস্থা-বিশ্বাসটা যেন অর্জন করতে পারেন; সেভাবে আপনাদের সবাইকে কাজ করতে হবে।

দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার নির্দেশ দিয়ে সরকার প্রধান বলেন, আমি জানি এখানে শুধু আমার দল নয়, অন্য দলেরও অনেকে আছেন। আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা কিন্তু এলাকা দেখে কাজ করি না, কে ভোট দিলো, কে দিলো না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য আমাদের কাজ। আমাদের (জনপ্রতিনিধিদের) সেভাবে কাজ করতে হবে।

গত ২১ জুন অনুষ্ঠিত হয় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন। রাজশাহীতে আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং সিলেটে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বিজয়ী হন।

রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জমান লিটন নৌকা প্রতীক নিয়ে ৪৬ হাজার ৮০৭ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

আর সিলেটে আনোয়ারুজ্জামান নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেন। আনোয়ারুজ্জামান নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।

এর আগে, সকাল ১০টায় বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

 

Share





Related News

Comments are Closed