Main Menu

সিলেটে খালে মিলল ১০ম শ্রেণির ছাত্রীর লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: স্কুল ও প্রাইভেটের জন্য বুধবার সকাল ৮টার দিকে ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া বেগম বাড়ি থেকে বের হয়। স্কুলে বার্ষিক মিলাদের দাওয়াত থাকায় সুমাইয়ার মা স্কুলে গিয়ে মেয়েকে পাননি। স্কুল ছুটির পরও সে বাড়ি ফেরেনি। পরে বিকেল ৪টার দিকে স্থানীয়রা খালের ওপরে তার স্কুল ব্যাগ ও জুতা দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। খোঁজাখুঁজি করে ঝোপ-জঙ্গল বেষ্টিত খালের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখেন।

বুধবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে সিলেটের বালাগঞ্জ উপজেলার নুরপুর গ্রাম সংলগ্ন একটি খাল থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

সুমাইয়া উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের নুরপুর হেকিম আলী গ্রামের আইন উল্যার মেয়ে ও বাণীগাঁও এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। সে এক ভাই ও ১০ বোনের মধ্যে সবার ছোট ছিল।

স্থানীয়রা জানিয়েছেন, সকালের দিকে বৃষ্টি হওয়ায় এলাকার লোকজন চলাচল না করায় ওই এলাকা নির্জন ছিল। ওই সময়ে হয়তো হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত বা কীভাবে হত্যা করা হয়েছে তা বের করার চেষ্টা চলছে।’

Share





Related News

Comments are Closed