Main Menu

জগন্নাথপুরে সংঘর্ষে আহত ৩৫, আটক ১২

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বোরো জমিতে কাজের শ্রমিক চাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামে বুধবার সকালে কাতিয়া গ্রামের আলী মিয়া ও রাসেল মিয়ার মধ্যে বোরো জমিতে কাজের শ্রমিক চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সালাহ উদ্দিন, দুলাল মিয়া, নিজাম উদ্দিন, জাহেদ মিয়া, হাবিবুর রহমান, জাবেদ মিয়া, নুনু মিয়া, রোকন মিয়া, সাইদুর রহমান, দিলোয়ার হোসেন, মানিক মিয়া, খাদিম মিয়া, সেজুল মিয়া, রফিক মিয়া, তুরন মিয়া, আবদুল কাশেম, তাজেল মিয়া, আজিজুর রহমান, লেবু মিয়া, ছানু মিয়া, আনর মিয়া, আবু সাইদ, লুটু মিয়া, আবদুল হোসেনসহ উভয়পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হন।

আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরতর হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য আবদুল কাহির জানান, জমিতে কাজের জন্য শ্রমিক চাওয়া নিয়ে আলী মিয়া ও রাসেল মিয়ার বিরোধ নিস্পত্তি করতে গিয়ে শালিসি ব্যক্তিদের সামনেই সংঘর্ষের ঘটনা ঘটে।

জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, সংঘর্ষের ঘটনার সাথে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে। জরিতদের বিপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed