১ বছরেও পুরন হয়নি শাবি শিক্ষার্থীদের দাবী
ডেস্ক রিপোর্ট: আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও প্রাপ্তি-অপ্রাপ্তির নানা সমীকরণ উঠে এসেছে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশে। উপাচার্য অপসারণের বিষয়ে সরকারের উচ্চ মহল থেকে আশ্বাস ও প্রতিশ্রুতি দেয়া হলেও রাষ্ট্রপতি কিংবা সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এ ছাড়া সাবেক শিক্ষার্থীদের উপর দায়েরকৃত মামলা নিষ্পত্তি হলেও গত বছরের ১৬ই জানুয়ারি জালালাবাদ থানা পুলিশ বাদী হয়ে ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা এখানো প্রত্যাহার হয়নি। তা ছাড়া গত এক বছরে তদন্ত কমিটি ৩-৪টি মিটিং ডাকলেও নানা জটিলতায় জমা দিতে পারেনি তদন্ত রিপোর্ট।
এমনকি গত এক বছরে সরকারের পক্ষ থেকে কোনো সমাধান বা সিদ্ধান্ত না আসায় উপাচার্য শক্ত অবস্থান নিয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কেও চির ধরেছে অপ্রত্যাশিতভাবে। নানাভাবে শিক্ষকরাই শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে হেনস্তা করছেন। আবার শিক্ষকদেরকেও নানা উস্কানি ও কটূক্তিমূলক কথা বলে শিক্ষার্থীরাও হেনস্তা করছেন বলে শিক্ষকদের অভিযোগ। তা ছাড়া প্রশাসনের আয়োজনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত দিবসের প্রোগ্রামে ছাত্রলীগের বাইরে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থাকে না। এমনকি শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত অনুষ্ঠানমালায় থাকেন না স্বয়ং উপাচার্য।
২০২২ সালের ১১ই জানুয়ারি রাতে বেগম সিরাজুন্নেসা হলের তৎকালীন প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার অপসারণের দাবিতে আন্দোলনে নামে হলের মেয়েরা।
উপাচার্য আশ্বাস দিলেও যথাযথ সমাধান না পেয়ে আন্দোলন চালিয়ে যেতে থাকে শিক্ষার্থীরা। এমনকি শিক্ষার্থীদের একটি দল উপাচার্যের সঙ্গেও সাক্ষাৎ করে। তাতেও যথাযথ সমাধান না আসায় আন্দোলন চলমান থাকে। এমনকি আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের মদতে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে বাধা দিতে থাকে এবং একপর্যায়ে মারধর করে। পরে ১৬ই জানুয়ারি শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে উপাচার্য আলোচনা সেরে বের হলে শিক্ষার্থীরা উপাচার্যের মুখোমুখি হতে চান। এ সময় শিক্ষার্থীদেরকে দেখে প্রশাসনের কিছু শিক্ষকের মদতে উপাচার্য আশ্রয় নেন আইআইসিটি ভবনে। ৩ ঘণ্টার বেশি সময় উপাচার্য অবরুদ্ধ থাকেন সেখানে। পরে প্রশাসনের সহযোগিতায় সেখানে পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) উপস্থিত হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, শিক্ষার্থীরা পুলিশের উপর ইট-পাটকেল ছোড়া শুরু করলে প্রথমে লাটিচার্জ এবং পরে রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ছুড়তে থাকে। এতে ১৫ থেকে ২০ জন শিক্ষক-কর্মকর্তাসহ ৭০ জনের অধিক শিক্ষার্থী এ হামলার শিকার হন। ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন প্রশাসন।
এদিন রাত থেকেই প্রভোস্ট বিরোধী আন্দোলন রূপ নেয় উপাচার্যবিরোধী আন্দোলনে। শিক্ষার্থীরা উপাচার্যকে তার নিজ বাসভবনে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করতে থাকে। এমনকি একপর্যায়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, সমাবেশ, উপাচার্যের পদত্যাগের আল্টিমেটাম, শিক্ষার্থীদের অনশন, মশাল মিছিল, প্রশাসনিক ভবনে তালা ঝুলানো, কাফনের কাপড় ও প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল, বাসভবনে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞায় মানবদেয়াল, উপাচার্যের বাসভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, উপাচার্যের নামে নানা ব্যঙ্গাত্মক দেয়ালিকা ও গ্রাফিতি অঙ্কনসহ টানা ১০ দিন বিভিন্ন কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা। ২৪শে জানুয়ারি অনশনস্থলে ড. জাফর ইকবাল দম্পতি উপস্থিত হন। আশ্বাস দেন যে, সরকারের উচ্চ পর্যায় থেকে তারা এসেছেন এবং তাদের দাবি মেনে নেয়া হবে।
এ প্রসঙ্গে শিক্ষার্থীরা অনশন ভাঙেন তাদের হাতে। পরে ১২ই ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়া ও উপাচার্য অপসারণের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। তবে সেসব কোনোকিছুই দৃশ্যমান হয়নি।
এ ছাড়া, শিক্ষক সমিতির সভাপতি ও দুইজন ডিন পরিবর্তন হয়ে যাওয়ায় তদন্ত কমিটির কাজ ব্যাহত হয়েছে, এজন্য তদন্ত প্রতিবেদন এখনো জমা দেয়া সম্ভব হয়নি।
আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানির ও হেনস্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেস্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘কোনো ছাত্র এ রকম কোনো বিষয় আমাকে অবগত করেনি, তাই এ বিষয়ে আমার মন্তব্য করার কিছু নেই। আন্দোলনের পর প্রথম দিকে কিছু অস্বাভাবিকতা ছিল। কিন্তু এখন শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক আছে।’
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed