Main Menu

চীনে ২০ দিনে ২৫ কোটি মানুষ করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড সুনামিতে নাঝেহাল চীন। জিরো কোভিড নীতি শিথিল করার পর থেকে ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। লাগামছাড়া সংক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছে সে দেশের সরকার। কীভাবে সংক্রমিতের সংখ্যা নিয়ন্ত্রণে আনা যাবে, তা ভেবে কূল পাচ্ছে না চীন।

এদিকে, চীনা সরকারের সাম্প্রতিক একটি বুলেটিন তোলপাড় ফেলেছে। বুলেটিন অনুসারে জানা গেছে, চলতি সপ্তাহে একদিনে চীনে প্রায় সাড়ে তিন কোটির বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান বিশ্বের সবচেয়ে বড় ‘করোনা বিস্ফোরণ’। ব্লুমবার্গ ও ফিন্যান্সিয়াল টাইমসেও এই তথ্য দিয়ে খবর প্রকাশ হয়েছে।

এদিকে, সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের প্রথম ২০ দিনে অন্তত ২৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, চীনের সোশ্যাল মিডিয়ায় গতকাল এনএইচসি বৈঠকের তথ্য ছড়িয়ে পড়ে। ওই বৈঠকে ২৫ কোটি আক্রান্তের খবর জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, যদি চীনের কর্মকর্তাদের হিসাব সত্য হয়, তবে দেশের ১৪০ কোটি মানুষের মধ্যে কমপক্ষে ১৮ শতাংশ ভাইরাসে আক্রান্ত হয়েছে, যা বিশ্বের একটি দেশের জন্য সর্বোচ্চ।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্টশনের উপপরিচালক সান ইয়াং কর্মকর্তাদের রুদ্ধদ্বার বিফ্রিংয়ে জানিয়েছেন, চীনে ছড়িয়ে পড়ছে করোনা। ইতোমধ্যে বেইজিং ও সিচুয়ানের মোট জনসংখ্যার অর্ধেক সংক্রামিত হয়েছে।

হংকং বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি বিভাগের অধ্যাপক বেন কাউলিং সিএনএনকে জানান, এই সংখ্যাটি বিশ্বাসযোগ্য। কিন্তু তা যাচাই করার সুযোগ নেই। এই হিসাব সত্যি হলে আগামী দিনে করোনা রোগীর সংখ্যা আরও বাড়বে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, চীনের শহরগুলিতে যে ভাবে সংক্রমণের হার বাড়ছে, তাতে হাসপাতালগুলি রোগী সামলাতে হিমশিম খাচ্ছে। হাসপাতালের আইসিইউ উপচে পড়ছে কোভিড রোগীতে। শ্মশানগুলিতেও বাড়ছে ভিড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ওষুধের দোকানগুলিতেও আকাল দেখা দিয়েছে।

Share





Related News

Comments are Closed