Main Menu

সিলেটে মাদক মামলায় এক মহিলার যাবজ্জীবন কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি দন্ডপ্রাপ্ত আসামীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

বুধবার (২৩ নভেম্বর) সিলেটের অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিচারক মো. আক্তার হোসেন এ রায় প্রদান করেন।

এই আদালতের রাষ্ট্রপক্ষের এপিপি এডভোকেট মো. শামসুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত মোছা: ফরিদা বেগম (২২) সিলেটের জকিগঞ্জ উপজেলার পূর্ব লোহারমহল শেখপাড়ার মৃত মতছিন আলীর কন্যা। এ মামলায় খালাসপ্রাপ্ত আজমল হোসেন (৩২) পূর্ব লোহারমহলের আব্দুর রহিমের পুত্র।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ১ আগস্ট বেলা ১২টার দিকে সিলেটের আখালিয়ার ৪১ ব্যাটালিয়ন ই-কোম্পানির একদল সদস্য গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জের লোহারমহল পাকা রাস্তার উপরে সানরাইজ স্কুলের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মহিলা ফরিদা বেগমকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ২০ বোতল ও ভ্যানিটি ব্যাগে রক্ষিত ১০ বোতলসহ মোট ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করে। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্যে ১২ হাজার টাকা। এ সময় ফরিদা বেগমের কোলে ৩ বছরের একটি ছেলে সন্তান ছিল।

এ ব্যাপারে সিলেট আখালিয়া ৪১ ব্যাটালিয়ন ই-কোম্পানির নায়েব সুবেদার মো. শাহজাহান আলী বাদি হয়ে আটককৃত মহিলার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করেন। যার নং- ৩ (০১-০৮-২০১৫)।

দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১৮ আগস্ট জকিগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন ফরিদা বেগম ও আজমল হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র নং-১১২) দাখিল করেন। ২০১৬ সালের ২৭ জুলাই আদালত এ ২ আসামীকে অভিযুক্ত করে এ মামলার বিচারকার্য শুরু করেন। দীর্ঘ শুনানী ও ৮ সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী ফরিদা বেগমকে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) এর ১৯ (১) ও টেবিল ৩ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন এবং অপর আসামী আজমল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে এ মামলার দায় হতে বেকসুর খালাস প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে এপিপি এডভোকেট মো. শামসুল ইসলাম ও এপিপি এডভোকেট মোস্তফা দিলওয়ার আল আজহার এবং আসামীপক্ষে এডভোকেট মইনুল ইসলাম ও এডভোকেট আলী আহমদ মামলাটি পরিচালনা করেন।

Share





Related News

Comments are Closed