Main Menu

দেশের ৮ বিভাগে ক্যানসার সেন্টার করার উদ্যোগ

বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশে এখনো ক্যানসারের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়নি বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তাই এ রোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে সরকার সিলেটসহ আট বিভাগে ক্যানসার সেন্টার করার উদ্যোগ নিয়েছে।

বুধবার (২ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে জরায়ু-মুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচি সংক্রান্ত তথ্য ও ফলাফল প্রকাশ হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করতে পারলে, এই রোগ থেকে শতভাগ সুস্থ হয়ে ওঠার চিকিৎসা রয়েছে। আটটি বিভাগীয় ক্যানসার সেন্টারে আমরা সেই চিকিৎসা ব্যবস্থা দেওয়ার চেষ্টা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পর্যায়ক্রমে প্রতি জেলায় মেমোগ্রাফি মেশিন প্রদান করবো।

গত এক বছরে করোনার চেয়ে তিনগুণ বেশি মানুষ ক্যানসারে মারা গেছেন জানিয়ে জাহিদ মালেক বলেন, প্রায় ১৩ হাজার নারী প্রতিবছর স্তন ক্যানসারে আক্রান্ত হন। এরমধ্যে মৃত্যুবরণ করেন প্রায় সাত হাজার মানুষ। জরায়ু মুখ ক্যানসারে আট হাজার নারী আক্রান্ত হন, এর মধ্যে মারা যান পাঁচ হাজার।

বছরে বাংলাদেশে ক্যানসারে এক লাখের বেশি মানুষের মৃত্যু হয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিবছর দেড় লাখ লোক নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। ১৫-১৮ লাখ ক্যানসারের রোগী বাংলাদেশে রয়েছে। তিন বছরে করোনায় যে পরিমাণ মৃত্যু হয়েছে, গত এক বছরে ক্যানসারে তার চেয়ে তিনগুণ বেশি রোগী মারা গেছেন।

তিনি বলেন, ক্যানসার স্ক্রিনিংয়ের জন্য ৫৭০টি সেন্টার করা হয়েছে। যার মাধ্যমে প্রাথমিক স্ক্রিনিং করা হয়। এছাড়া ক্যানসার পজিটিভ রোগীর জন্য ৪৩টি কলোসকপি সেন্টার করা হয়েছে। আমাদের পরিকল্পনা এবং নির্দেশনা রয়েছে ৫০০টি উপজেলায় ইলেকট্রনিক ডাটা ট্রাকিং সেন্টার করার।

Share





Related News

Comments are Closed