Main Menu

এইচএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে।

সংশোধিত রুটিন অনুযায়ী, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসির লিখিত পরীক্ষা, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে।

বুধবার (১২ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল শিফটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। আর বিকেল শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ২টা থেকে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পরীক্ষার সময় থাকবে ২ ঘণ্টা। এর মধ্যে এমসিকিউ পরীক্ষার জন্য ২০ মিনিট এবং রচনামূলক/ সৃজনশীল পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। এমসিকিউ ও রচনামূলক অংশের পরীক্ষার মধ্যে বিরতি থাকবে না।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস পাঠ্যসূচি অনুযায়ী হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তাতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হবে।

Share





Related News

Comments are Closed