কাঁচপুরে অটো-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের কাঁচপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
নিহতরা হলেন—অটোরিকশাচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫)।
রোববার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে মৃত ঘোষণা করেন।
তাদেরকে উদ্ধারকারী ওমর ফারুক নামে এক ব্যক্তি গণমাধ্যমকে জানান, আটজন যাত্রী নিয়ে কাঁচপুর ব্রিজের উল্টোপথে যাচ্ছিল অটোরিকশাটি। হঠাৎ ঢাকাগামী একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা সবাই আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বাকি চারজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এদের মধ্যে তিনজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ তিনটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।
নিহত মামুনের ছোট ভাই নাইমুল ইসলাম সুমন জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। স্থানীয় একটি পোশাক কারখানার লাইন চিফ হিসেবে কর্মরত ছিলেন তিনি। পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জ আদমজী এলাকায় থাকেন মামুন। সকালে মামুন একাই তার বাসা থেকে কাঁচপুরে ছোট ভাইয়ের বাসায় যাচ্ছিলেন।
অটোচালক আবু হানিফের ছোট ভাই মো. রতন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামে। যাত্রাবাড়ী এলাকায় থাকেন তারা।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশার তিন যাত্রী মারা যান। আহতদের চিকিৎসা চলছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed