Main Menu

জগন্নাথপুরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী মেয়ের টাকা পাঠানো নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রীর গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের স্বামীকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জগন্নাথপুরে পাইলগাঁও রানীনগর গ্রামের নুর মিয়ার সৌদি প্রবাসী মেয়ে বিদেশ থেকে তার মায়ের কাছে টাকা পাঠাত। এ নিয়ে স্বামী নুর ও স্ত্রী আছিয়া বেগমের মধ্যে প্রায়ই ঝগড়া বাঁধে। আজ সকালেও তাদের মধ্যে এ নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী নুর মিয়া স্ত্রী আছিয়া বেগমকে (৫০) দা ও করাত দিয়ে গলায় আঘাত করে। আছিয়া রক্তাক্ত অবস্থায় ঘর থেকে দৌড়ে বাহিরে বের হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় স্বামী নুর মিয়া স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed