সিলেটে অনির্দিষ্টকালের ‘পরিবহন ধর্মঘট’ চলছে, জনদুর্ভোগ
বৈশাখী নিউজ ডেস্ক: পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকে সিলেট জেলায় কর্মবিরতি পালন শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। এর জেরে সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সিলেট নগরীর প্রবেশমুখ দক্ষিণ সুরমার সবগুলো পয়েন্টে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ’র ডাকে চলছে এই আন্দোলন কর্মসূচি।
ভোর থেকেই লাঠি হাতে সিলেটের বিভিন্ন রাস্তায় পরিবহন শ্রমিকরা ‘পিকেটিং’ শুরু করেছেন। তারা কোনো ধরণের গণপরিবহন বা পণ্যবাহী গাড়ি চলতে দিচ্ছে না। এতে স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরা এবং চাকরিজীবিরা বেশ ভোগান্তিতে পড়েছেন।
ভোর থেকে কোন দুরপাল্লার বাস সিলেট ছেড়ে যায়নি বা সিলেটে প্রবেশ করেনি। এমনকি অভ্যন্তরীন রুটেও যাত্রী পরিবহন বন্ধ থাকায় অভিসগামী ও বিভিন্ন গন্তব্যে যাওয়া সাধারন যাত্রীরা। এছাড়া রাইড শেয়ারিংয়ের বাহন গুলোকেও পরিবহন শ্রমিকরা আটকে দিচ্ছেন।
এদিকে, সোমবার রাতে পরিবহন শ্রমিক নেতাদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলো প্রশাসন। তবে সে অনুরোধকে প্রত্যাখান করে আজ ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি পালনে নিজেদের অবস্থানে অটল রয়েছেন সিলেটের পরিবহন শ্রমিক নেতারা।
জানা গেছে, মঙ্গলবার জেলায় এবং কাল (বুধবার) থেকে পুরো সিলেট বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা।
সিলেট বিভাগের সকল পরিবহন শ্রমিক বেশ কিছুদিন ধরে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালনসহ মিছিল-সভা করে আসছেন। তাদের দাবিগুলো হচ্ছে- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া। এছাড়াও অনুমোদনহীন গাড়ি যেমন- অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়ে আসছেন পরিবহন শ্রমিকরা।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, আমাদেদর ৫ দফা দাবি আদায় না হলে আমরা আরও কঠোর অবস্থানে যাব। আজ শুধু সিলেট জেলায় ধর্মঘট পালন হচ্ছে। দাবি আদায় না হলে বুধবার সিলেট বিভাগ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়বে।
তিনি বলেন দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য ৫টি দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের সঙ্গে নানা টালবাহানা করা হচ্ছে। আমাদের একটি দাবিও আজ পর্যন্ত মানা হয়নি।
পরিবহন শ্রমিকদের অভিযোগ- দীর্ঘদিন ধরে আন্দোলনের পথে হাঁটলেও শুধু আশ্বাসের মধ্যেই তাদের বার বার আটকে রাখে প্রশাসন। তাদের কোনো একটি দাবিও আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। ফলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন। মঙ্গলবার সিলেট জেলায় এবং পরদিন বুধার থেকে পুরো বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করবেন পরিবহন শ্রমিকরা।
এদিকে, এ আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন পরিবহন শ্রমিকদের ৬টি রেজিস্ট্রার্ড সংগঠন। এ ৬টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ’র ডাকে এ কর্মসূচি পালিত হবে। এ বিষয়ে গত রবিবার (১১ সেপ্টেম্বর) ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ’র বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া কর্মবিরতির ঘোষণা জানিয়ে সোমবার সিলেটে মাইকিংও করেন পরিবহন শ্রমিকরা।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত সংগঠনগুলো হচ্ছে- সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা ট্রাক পিকাপ কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, ইমা লেগুনা হিউম্যান হুলার শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা অটো টেম্পু অটোরিকশা শ্রমিক জোট, সিলেট জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed