Main Menu

তেলের দাম সমন্বয় করা নিয়ে যা বললেন জ্বালানি প্রতিমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম সমন্বয় করতে এখনও যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

নসরুল হামিদ বলেন, জ্বালানি তেল আমদানিতে করের ব্যাপারে কিছু সুবিধা দেওয়া হয়েছে। এতে আমরা চিন্তা করছি যে, তেলের দাম হয়তো সমন্বয় করতে পারব। সেটার হিসাবটা এখনও যাচাই-বাছাই চলছে। আশা করছি, এখানে হয়তো একটা পরিবর্তন আসবে।

বিশ্ব বাজারে তেলের দাম আবার বেড়ে গেছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে তেলের বাজারে প্রতি ব্যারেল এখন ১৫০ ডলারের ওপরে চলে গেছে, যেটা আগে ১৩০ ডলার ছিল। এই অবস্থায় আমরা দাম কতটুকু সমন্বয় করতে পারব। কারণ, এখানে ভর্তুকির বড় একটা অংশ আবার যোগ হবে।

তিনি বলেন, আশা করছি কাল-পরশুর মধ্যে এ বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে পারব। তবে মাঠ পর্যায়ে সমন্বয়ের সুফল পৌঁছাতে আরেকটু সময় লাগবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ট্যাক্স যে ৫ শতাংশ কমলো, সেটার কতটুকু প্রভাব পড়বে। আমরা তো চাই সমন্বয়টা যাতে বড় আকারে করতে পারি। তেলের দাম প্রচণ্ডভাবে বেড়েছে, এটা আমরা আশাই করিনি। এখনও ভয় পাচ্ছি আরও নাকি বেড়ে যায়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় কমাতে সরকার তেলের দাম বৃদ্ধি করে। সে সময় ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

Share





Related News

Comments are Closed