Main Menu

দেশের ১২ সিটিতে শুরু হচ্ছে শিশুদের করোনার টিকা

বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ২৫ আগস্ট থেকে সারাদেশে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা কার্যক্রম। প্রথম দিকে সিলেটসহ দেশের ১২টি সিটি করপোরেশন এই কার্যক্রম পরিচালিত হবে। এর আগে আজ বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার (১১ আগস্ট) থেকে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু করা হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা ১১টায় এই কার্যক্রম শুরু হবে। এরপর ২৫ আগস্ট থেকে সারা দেশে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হবে।

খুরশীদ আলম বলেন, সারা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় ৫ থেকে ১১ বছরের শিশুদের এই টিকা কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২ দিন টিকার প্রথম রাউন্ড চলবে। প্রথম রাউন্ডের দুই মাস পর দ্বিতীয় রাউন্ড (দ্বিতীয় ডোজ কার্যক্রম) হবে।

মহাপরিচালক আরও বলেন, প্রথমদিকে সিটি করপোরেশন এলাকায় টিকার কার্যক্রম শুরু হবে। পরে পর্যায়ক্রমে সারা দেশের জেলা-উপজেলা পর্যায়েও শুরু হবে। শিশুদের জন্য ফাইজারের বিশেষ ব্যবস্থায় তৈরি করা টিকা পর্যাপ্ত পরিমানে আমাদের হাতে আছে। আমাদের টিকা কর্মীরাও সারাদেশে প্রস্তুত রয়েছে।

Share





Related News

Comments are Closed