Main Menu

সুনামগঞ্জে কৃষক হত্যায় ১ জনের আমৃত্যু, ৫ জনের যাবজ্জীবন

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর কৃষক দুলা মিয়া হত্যাকান্ডের ঘটনায় মামলার রায়ে ১ জনের আমৃত্যু ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে অতিরিক্ত দায়রা জজ আদালত। সোমবার সকাল ১১টায় এই রায় ঘোষণা করেন বিচারক মইনুদ্দিন মুরাদ।

মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি দাওরাই গ্রামে আধিপত্য বিস্তারের জেরে দুলা মিয়া নামে এক কৃষককে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের চাচা ছালিক মিয়া বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট থানা কর্তৃক চার্জশিট, সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ বিচারকার্য শেষে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় মামলার আসামি উপজেলার দাওরাই গ্রামের হিরা মিয়া ওরফে ইজাজুলকে আমৃত্যু কারাদণ্ড এবং আব্দুল মন্নাফ, কয়েস, মকসুর, নেছাওর ও নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত।

একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিগণ পলাতক রয়েছেন। তারা গ্রেফতার কিংবা আত্মসমর্পণের পর সাজা কার্যকর করার বাধ্যবাধকতা প্রদান করা হয়েছে আদালতের রায়ে।

এদিকে, আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ।

 

Share





Related News

Comments are Closed