Main Menu

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: চলাচলের প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছেন।

রোববার (২৬ জুন) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারের মাঝখানে চলন্ত মোটরসাইকেলে ভিডিও করার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন- মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১)। নিহত দুই যুবকের বাড়ি দোহারের শমশাবাদ এলাকায় বলে জানা গেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া রোববার রাত পৌনে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর রোববার রাতে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের মৃত ঘোষণা করা হয়।

নিহতদের বন্ধু জয়দেব সাংবাদিকদের বলেন, আজকে বিকেলে পদ্মা সেতু দেখতে দোহার থেকে আমরা কয়েকজন বন্ধু মিলে যাই। পরে ফেরার পথে আমরা আগের মোটরসাইকেলে ছিলাম। পদ্মা সেতু থেকে আমরা নেমে গিয়েছিলাম। কিছুক্ষণ পর ফোন আসে তারা দুইজন মোটরসাইকেল অ্যাকসিডেন্ট করে আহত অবস্থায় পড়ে আছে। পরে আমরা আবার ফিরে পদ্মা সেতুতে যাই। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তারা দুজনে অ্যাপাচি মোটরসাইকেলে ছিলেন। তবে কিসের সঙ্গে তারা অ্যাকসিডেন্ট করেছেন সে বিষয়ে কিছু জানি না। এদের মধ্যে ফজলু দেশের বাইরে থাকেন এবং আলমগীর একটি মোটরসাইকেল ওয়ার্কশপে কাজ করেন। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে তারা ঢাকা মেডিকেলে আসছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। আহতদের পাশে রক্ত দেখা যায়। এ সময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পদ্মা সেতু উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‌দুর্ঘটনার বিষয়টি শুনেছি। সেতুর উত্তর প্রান্তে কোনো দুর্ঘটনা ঘটেনি। অপর প্রান্তে ঘটতে পারে।

এর আগে সন্ধ্যায় পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার উত্তর প্রান্তে মোটরসাইকেলের ভিড় লেগে যায়। এ সময় টোল দিয়ে মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠে উল্লাস প্রকাশ করেন আরোহীরা।

উদ্বোধনের একদিনের মাথায় সেতুটিতে প্রথম এ দুর্ঘটনা ঘটলো। রোববার ভোর থেকেই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

তবে পদ্মা সেতুতে সোমবার (২৭ জুন) ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সেতু বিভাগ।

রোববার (২৬ জুন) রাতে তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণীতে সেতু বিভাগ এ তথ্য জানায়।

বিবরণীতে বলা হয়, ২৭ জুন সোমবার ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

 

Share





Related News

Comments are Closed