Main Menu

সিলেটে করোনায় ওসমানী হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। গত সোমবার (২০ জুন) তিনি মারা যান। মারা যাওয়ার পর জানতে পারা যায়- ওই চিকিৎসকের শরীরে করোনাভাইরাস ছিলো।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। সূত্র জানায়, সিলেটে দুই মাস চার দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হলো। এর আগে সর্বশেষ সিলেটে ১৮ এপ্রিল করোনা সংক্রমণে মারা যাওয়ার ঘটনা ঘটেছিল।

জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিশু সার্জারি বিভাগের প্রধান শামসুর রহমান (ময়না) করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার মারা গেছেন। পরে নমুনা পরীক্ষায় মঙ্গলবার তাঁর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।

পরে করোনাকালীন নিয়ম মেনে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যাননি। মৃত্যর পরে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।

তিনি আরও বলেন, ‘মৃত্যুর দিন সকালে ডা. শামসুর রহমানকে হাসপাতালে নেয়া হয়। তখনই সেখানে উপস্থিত চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের পরিবারের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’

ডা. হিমাংশু লাল রায় ‍আরও বলেন, ‘এখন নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না যে তার মৃত্যু করোনায় হয়েছে, কিন্তু ধারণা করা হচ্ছে করোনায় আক্রান্ত হয়েই তিনি মারা যান। তবে তার মৃত্যুর বিষয়টি ও পরে করোনাভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি, একইসাথে তার স্ত্রী চিকিৎসক আফরোজা বেগম নীপার করোনা পজিটিভ হওয়ার বিষয়টিও জানিয়েছি।’

এদিকে সিলেট স্বাস্থ্য বিভাগের বুধবারের বুলেটিনেও একজনের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়। একই সময়ে সিলেটে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়।

প্রসঙ্গত, সারাদেশে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী প্রথম চিকিৎসক ডা. মঈন উদ্দিন। তিনি ওসমানী হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ২০২০ সালের ১৫ এপ্রিল মারা যান।

Share





Related News

Comments are Closed