Main Menu

ছাতকে ধর্ষিত কিশোরীর মৃত সন্তান প্রসব

বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের ছাতকে ধর্ষণে ১৩ বছর বয়সী এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর সে হাসপাতালে মৃত সন্তান প্রসব করেছে। এ ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।

বর্তমানে ওই কিশোরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কিশোরীটি উপজেলার সিংচাপইড় ইউনিয়নের এক হতদরিদ্র কৃষকের কন্যা। এ ঘটনায় ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন তার বাবা।

জানা গেছে, উপজেলার কামারগাঁও এলাকার ওই কিশোরীকে একই গ্রামের প্রতিবেশী এক ব্যক্তি গত বছরের ৫ ডিসেম্বর সন্ধ্যার পর ঘরে ডেকে নিয়ে ফুসলিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর কিশোরীটিকে ঘটনার বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হয়। ওই কিশোরী ধর্ষণের পর অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হলে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।

এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ মে বুধবার ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

একই দিন তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস (ওসিসি) শাখায় ভর্তি করা হয়। সেখানে ওই কিশোরী ২৩ সপ্তাহ বয়সের একটি মৃত ছেলেসন্তানের জন্ম দেয়।

এ ঘটনায় গত ২৬ মে বৃহস্পতিবার থানায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে প্রতিবেশী ৩ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ ও ওসিসির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ মে শুক্রবার থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা এজহারভুক্ত করে ২৮ মে শনিবার এটি আদালতে পাঠানো হয়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সুজন শ্যাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর তদন্তের পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed