ঈদের পরদিন সড়কে ঝরলো ১৬ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদের পরদিন সড়ক দুর্ঘটনায় দেশের ছয় জেলায় ১৬ জন নিহত হয়েছেন। বুধবার (৪ মে) সকাল থেকে রাত পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে রংপুরে পাঁচজন, পঞ্চগড়ে তিনজন, কুষ্টিয়ায় দুইজন, যশোরে দুইজন, পাবনায় একজন, ও মাদারীপুরে ৩ জন নিহত হয়েছেন।
রংপুর
রংপুর সদরের পাগলাপীরে মাইক্রোবাসের সঙ্গে থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। বুধবার (৪ মে) সন্ধ্যায় সদর উপজেলার পাগলাপীর সলেয়ালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রংপুর সদর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি খাড়ুয়াবাধা গ্রামের আমজাদ হোসেন (৫০), ইকরচালীর দোহাজারী ছুটহাজীপুর গ্রামের মাহিন্দ্রাচালক ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭) ও নাজমা বেগম (৩৫)। বাকি দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। এদের মধ্যে নাজমা বেগম নামে একজনসহ আরও দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, নিহতদের মধ্যে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পঞ্চগড়
পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া জিয়াবাড়ি এলাকার আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দীক (১৬), তারেক বিল্লালের ছেলে শিশির (১৮) ও পয়কাম ইসলামের ছেলে নতুন ইসলাম (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেলযোগে মডেলহাট বাজার থেকে মহারাজা দিঘিতে বেড়াতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রুকসানা তাদের মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসায় পিকআপভ্যানের চাপায় দুই ভাই নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- পাংশা উপজেলার কলিমহর গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে ফিরোজ মন্ডল (৪৫) ও সামিরুল (১০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাংশা থেকে ছেড়ে আসা একটি থ্রি-হুইলার যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাত্রা করে। খোকসার পাইকপাড়ায় এসে পৌঁছালে সামনে থেকে আসা একটি পিকআপ ভ্যান থ্রি-হুইলারটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও থ্রি-হুইলারের চালক পালিয়ে যান। ঘটনাস্থলেই সামিরুল এবং তার বড় ভাই ফিরোজ নিহত হন। নিহতরা দুইজনই মাছপাড়া বাসস্ট্যান্ড থেকে থ্রি-হুইলারে উঠেছিলেন।
থ্রি-হুইলারের অপর যাত্রী ইতি খাতুন গুরুতর আহত হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সুরুজ আলী মন্ডল, রিমা এবং মামুনুর আহত হলেও বিনা আঘাতে বেঁচে গেছে ইতির দুই শিশু সন্তান হুমাইরা এবং আনাচ।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রমা বলেন, একজন নারী রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
যশোর
যশোরের চৌগাছার ইলিশমারী ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদদুইনপুর সীমানায় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা লেগে শাহিনুর রহমান (২২) ও সাগর হোসেন (১৮) দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে। আর সাগর একই এলাকার বাবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, তারা অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় তাদের কারও মাথায় হেলমেটও ছিল না।
উপজেলার নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, শাহিনুর ও সাগর চৌগাছা-বিদ্যাধরপুর সড়ক ধরে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে হাজরাখানা গ্রাম থেকে মহেশপুরের বিদ্যাধরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছার ইলিশমারী ঈদগাহপাড়া ও মহেশপুরের মদনপুর মোড়ে জনৈক ফারুকের বাড়ির সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শাহিনুরের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোটরসাইকেলের আরোহী সাগরের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. উত্তম কুমার বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।
পাবনা
পাবনার সুজানগরে ঈদের দ্বিতীয় দিন নানা বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু তালহা তেহমী (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
বুধবার (৪ মে) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আবু তালহা রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিরগঞ্জ ইউনিয়নের হাটমালিফা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় মালিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় তেহেমীর সঙ্গে থাকা তার বড় ভাই মালিফা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মো. তোহা ও মোটরসাইকেল চালক চাচাতো ভাই এইচএসসি পরীক্ষার্থী মো. মামুনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পাবনা সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে পরে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, তিন ভাই একসঙ্গে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়ে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই একজন মারা গেছে। আহত দুইজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাসটি দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ায় জব্দ করা সম্ভব হয়নি।
মাদারীপুর
মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (৪ মে) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সানেরপাড়ে বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সন্ধ্যায় বরিশাল থেকে আরিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি মাদারীপুরের রাজৈর উপজেলার সানেরপাড় বটতলা এলাকায় এলে সামনে থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়।
এতে ভ্যানের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের উল্টোপাশের খাদে পড়ে যায়। এতে আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশ কাজ করছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও তাদের আটকে অভিযান চালানো হবে।
উল্লেখ্য এরআগে ঈদুল ফিতরের দিনে মঙ্গলবার সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে টাঙ্গাইলে ২ জন, সিরাজগঞ্জে একজন, কুমিল্লায় ৩ জন, ময়মনসিংহে ৩জন, গাজীপুর, লক্ষ্মীপুর, মাদারীপুর ও মানিকগঞ্জে একজন করে নিহত হন।
Related News
দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চূড়ান্ত ভোটারRead More
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)Read More



Comments are Closed