Main Menu

‘জন্ম থেকে সম্মানজনকভাবে বেঁচে থাকাই মানবাধিকার’

বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এনডিসি বলেছেন, পারিবারিক মূল্যবোধ ও নীতি-নৈতিকতার অবক্ষয় হলে অপরাধ প্রবণতা বেড়ে যায়। তাই প্রতিটি পরিবারকে শিশুদের মন-মানসিকতা বিকাশে মূল্যবোধ ও নীতি-নৈতিকতা শিক্ষা দেওয়ার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

সোমবার বিকেলে সিলেট মহানগরীর মেন্দিবাগ এলাকায় একটি অভিজাত হোটেলের মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘মতবিনিময় সভা ও মানবাধিকার বিষয়ক গাইডলাইন প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন বিভাগ ও জেলা পর্যায়ের মানবাধিকার বিষয়ক ফোকাল ডেস্ক এবং জেলা মানবাধিকার কমিটির সদস্যরা অংশ নেন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, জন্ম থেকে সম্মানজনকভাবে বেঁচে থাকাই মানবাধিকার। ভিক্ষাবৃত্তি ছাড়া সকল পেশাকেই সম্মান করতে হবে।

তিনি বলেন, মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। থানায় মামলা না নেওয়া মানবাধিকারের লঙ্ঘন। মামলা না হলেও পুলিশকে নিজ উদ্যোগে জানা বা শোনা মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করে দেখতে হবে। অভিযোগ সত্য না হলে অভিযোগকারীর বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে।

নাছিমা বেগম এনডিসি জেলা মানবাধিকার কমিটিগুলোকে মানবাধিকার রক্ষায় সাধারণ মানুষের পাশে থাকার ব্যাপারে দিকনির্দেশনা দেন।

‘মতবিনিময় সভা ও মানবাধিকার বিষয়ক গাইডলাইন প্রদান’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেট বিভাগের কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান।

মানবাধিকার বিষয়ক বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন, জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক গাজী সালাউদ্দিন এবং মানবাধিকার বিশেষজ্ঞ শংকর পাল ও লুবনা ইয়াসিন।

আলোচনায় অংশ নেন, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, ব্লাস্ট সমন্বয়ক অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রুহি প্রমুখ।

Share





Related News

Comments are Closed