Main Menu

হবিগঞ্জে বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির ৯ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ হাসানুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন। তিনি জানান, নেতাকর্মীরা কিছু দিন আগে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে তিন সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন।

বৃহস্পতিবার তারা স্থায়ী জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেছিলেন। কিন্তু বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জানা গেছে, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার করানোর দাবিতে ২২ ডিসেম্বর হবিগঞ্জে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয়ের সামনে প্রস্তুতিও নেওয়া হয়। এতে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, ড. এনাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক জিকে গউছ, কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ শ্যামল। বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা। কিন্তু পৌনে ২টার দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেওয়ার সময় শায়েস্তানগর পয়েন্টে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১০০ জন আহত হন। প্রায় ১ ঘণ্টাব্যাপী সংঘর্ষে শায়েস্তানগর থেকে সার্কিট হাউস রোড পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় পুলিশ দুই হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করে। ওই মামলায় বিএনপি নেতাকর্মীরা ২৬ ডিসেম্বর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন।

Share





Related News

Comments are Closed