Main Menu

সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ সড়কে দিরাইগামী নূর নামের যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। রবিবার (২৭ ফেব্রয়ারী) ভোর সোয়া ৫টায় ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর চালাক-হেলপার পালিয়ে গেলেও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে অধিকাংশ নারী এবং পুরুষ যাত্রী ছিলো। তাদেরকে স্থানীয় কৈতক ও সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে গুরুতর আহত রয়েছেন একজন নারী। তবে আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সুনামগঞ্জের দিরাইগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৬৬৩৯) ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে প্রবেশ করে। এ সময় বাসটি সরু সড়কের মধ্যখানে আইলেনের উপর উঠে গিয়ে সড়কেই উল্টে যায়। দূর্ঘটনার সময় প্রায় সকল যাত্রী ঘুমে ছিলেন।

নরসিংদী জেলা সদরের নগর বানিয়াদির আবদুল্লাহপুর এলাকার মৃত আবদুল হামিদের ছেলে আহত বাদল মিয়া (৪২) জানান, তিনি ওই গাড়ির যাত্রী ছিলেন। নরসিংদি থেকে গাড়িতে উঠেন। থ্রিপিছ কাপড়ের ব্যবসায়ী তিনি শান্তিগঞ্জে কাপড় নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, গাড়িটি সিলেট শহরে প্রবেশের আগে চলন্ত অবস্থায় একটি শ্যামলী গাড়ির সাথে ধাক্কা লাগার সম্ভাবনা ছিল। এসময় চালকের চোখে ঘুম লক্ষ্য করা গেছে।

সুনামগঞ্জ বাস মালিক সমিতির ম্যানেজার জহির হোসাইন, শ্রমিক নেতা মিলন মিয়াসহ একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দূর্ঘটনার পর তারা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণের কাজে সহযোগিতা করেছে।

এদিকে খবর পেয়ে সড়কের জয়কলস হাইওয়ে থানার (ওসি) সালেহ আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে আসেন।

হাইওয়ে পুলিশের ওসি সালেহ আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক ঘুমে ছিলো, এজন্য এ দূর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দূর্ঘটনা কবলিত গাড়িটি সকাল ১০টায় সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed