Main Menu

দেশে করোনায় আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ৮৬৪

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩ জনে।

একই সময়ে নতুন করে আরও ৮৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জনে। শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ।

রোববার (২৭ ফেব্রয়ারী) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৪ জন। মোট সুস্থ ১৮ লাখ ৬ হাজার ৬৮৯ জন। এই ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৪৩ জনের।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫০৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৫৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ৫, রাজশাহীতে ৩ এবং খুলনায় ১ জন মারা গেছেন।

এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে আরও ৮ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন আরও ৭৫৯ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed