নির্বাচন কমিশন গঠন, নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
শনিবার (২৬ ফেব্রয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ ছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ (অব.) বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, সিনিয়র সচিব (অব.) মো. আলমগীর ও সিনিয়র সচিব (অব.) মো. আনিছুর রহমান।
এরআগে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নামের তালিকা হস্তান্তর করেন।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান, খুব শিগগিরই নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনারের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পাওয়া কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
শেষ বৈঠকে গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করে সার্চ কমিটি।
স্বাধীনতার পঞ্চাশ বছরেও নির্বাচন কমিশন গঠন নিয়ে কোনো আইন ছিল না এদেশে। অবশেষে চলতি সংসদের সবশেষ অধিবেশনে উত্থাপনের পর বেশ কিছু সংশোধনী এনে পাস হয় প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার গঠন আইন।
আইন অনুসারে, আপিল বিভাগের বিচারকের নেতৃত্বে গঠন করা হয় সার্চ কমিটি। কমিটির প্রথম বৈঠক শেষে রাজনৈতিক দল ও সমাজের সর্বোস্তর থেকে যোগ্য ব্যক্তির নাম চাওয়া হয়। আলোচনা করা হয় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধির সঙ্গে।
গত ১২ ও ১৩ ফেব্রুয়ারি বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। দুদিনের সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এসব বৈঠকে সার্চ কমিটির কাছে প্রস্তাবিত ৩২২টি নাম প্রকাশ করা হয়। ১৪ ফেব্রুয়ারি রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব নামের তালিকা প্রকাশ করা হয়।
আরও কয়েক দফা বৈঠকে নামের তালিকা সংক্ষিপ্ত করে কমিটি। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শেষ বারের মতো বৈঠকে বসে সার্চ কমিটি। প্রায় চার ঘণ্টার বৈঠক শেষে জানানো হয় চূড়ান্ত হয়েছে তালিকা।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সার্চ কমিটি গঠন করেন। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।
সাংবিধানিক জটিলতা না হলেও নুরুল হুদা কমিশনের মেয়াদ শেষ হওয়ায় ১৫ ফেব্রুয়ারি থেকে শূন্য ছিল সিইসিসহ নির্বাচন কমিশনের পদ।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed